যুক্তরাজ্য জুড়ে কয়েক দিনের অস্বাভাবিক তাপপ্রবাহের পর এবার স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রবিবার থেকেই দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমে বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে।
গত সপ্তাহজুড়ে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অনুভূত হয়। মঙ্গলবার রাজধানী London-এ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা মে মাসের নতুন রেকর্ড। শনিবার কিছু এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রিতে পৌঁছালেও রবিবার আটলান্টিক থেকে আসা শীতল বাতাসে তা নেমে আসে ২৪ ডিগ্রিতে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের ওপর উচ্চচাপের প্রভাব কমে গিয়ে নিম্নচাপ সক্রিয় হওয়ায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে, পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার বজ্রপাত ও ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী বুধবার থেকে তাপমাত্রা আরও কমে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার পর এই বৃষ্টি কৃষক ও বাগানপ্রেমীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
এদিকে তীব্র গরমের কারণে পানিতে নেমে দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উপকূলীয় এলাকায় পানিতে নেমে অসুস্থ হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজনের মৃত্যুর ঘটনাও তদন্ত করছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় UK Health Security Agency ইংল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা নিয়ে সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলেও আগামী কয়েক দিন সতর্ক থাকা জরুরি।
