রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুকে ঘিরে সৃষ্ট আলোচনার মধ্যে তার ছেলে ড. এ কে এম আনিসুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার।
বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) হিসেবে কর্মরত ড. এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছিলেন, মায়ের প্রতি অবহেলার অভিযোগের বিষয়ে আনিসুর রহমানের বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে সরকারের এ প্রশাসনিক সিদ্ধান্ত সামনে এলো।
