লন্ডন প্রতিনিধি: আল কুরআন একাডেমী লন্ডনের উদ্যোগে পূর্ব লন্ডনের সাটন স্ট্রিটস্থ কার্যালয়ে ট্রাস্টি, ভলান্টিয়ার ও অতিথিদের অংশগ্রহণে এক আন্তরিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা পবিত্র কুরআনের প্রচার ও প্রসারে আল কুরআন একাডেমী লন্ডনের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আব্দুল বারী, মাওলানা এ কে মওদুদ হাসান, কে এম আবু তাহের চৌধুরী, মামুন আল আজমী, শায়েখ আবু সাঈদ আনসারী, মুজিবুর রহমান, কাজী শাহীন ও আব্দুল হামিদ প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআনের বাণী পৌঁছে দিতে আল কুরআন একাডেমী লন্ডন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও কার্যক্রমের আরও সম্প্রসারণ কামনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন আহমদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, আল কুরআন একাডেমীর উদ্যোগে এ পর্যন্ত বিশ্বের ৩০টি দেশে ২৫টি ভাষায় পবিত্র কুরআনের অনুবাদের ২৭ লাখ কপি বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সেনাবাহিনীর সদস্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থীর মাঝেও পবিত্র কুরআনের অনুবাদ পৌঁছে দেওয়া হয়েছে। এ মহতী কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য হোমমেইড খাবারের আয়োজন করা হয়। শায়েখ আবু সাঈদ আনসারীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
