বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভিসা ও অভিবাসন জটিলতা। একের পর এক বিতর্কের মধ্যেই নতুন করে কানাডার ভিসা নীতির কারণে বিপাকে পড়েছেন ঘানার সহ-অধিনায়ক টমাস পার্টি।
ঘানা ফুটবল ফেডারেশনের সূত্রে জানা গেছে, টমাস পার্টির কানাডার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে বুধবার টরন্টোর বিএমও ফিল্ডে পানামার বিপক্ষে ঘানার বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে পাওয়া যাবে না।
এর আগে সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আর্তানও একই ধরনের ভিসা জটিলতার মুখে পড়েন। ফিফার নির্বাচিত এই ম্যাচ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখার পর ফেরত পাঠানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো পার্টির ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি।
কানাডা সরকার কেন পার্টির আবেদন বাতিল করেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, তার বিরুদ্ধে থাকা ধর্ষণ ও যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগগুলোর প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
৩২ বছর বয়সী টমাস পার্টির বিরুদ্ধে চারজন ভিন্ন নারীর অভিযোগের ভিত্তিতে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর সময়কাল ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে। তবে পার্টি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী বছর এসব মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
বর্তমানে ঘানা দল যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশ্বকাপ ক্যাম্প করছে। সেখান থেকে দলের সঙ্গে টরন্টো যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় সফর বাতিল করতে হয়েছে পার্টিকে।
এ বিষয়ে ফিফা জানিয়েছে, স্বাগতিক দেশগুলোর ভিসা ও অভিবাসন নীতিতে তাদের কোনো ভূমিকা নেই। কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সরকারের।
অন্যদিকে কানাডার অভিবাসন বিভাগ জানিয়েছে, ব্যক্তিগত ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করে না। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন মনে করলে যে কাউকে প্রবেশের অনুমতি না দেওয়ার ক্ষমতা দেশটির অভিবাসন কর্মকর্তাদের রয়েছে।
যদিও প্রথম ম্যাচে খেলতে পারবেন না পার্টি, তবে ঘানার বাকি দুটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় দলের সহ-অধিনায়ক টমাস পার্টি ঘানার হয়ে এখন পর্যন্ত ৫৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপেও দলের সব ম্যাচে পূর্ণ সময় মাঠে ছিলেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগেই খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের ভিসা জটিলতায় পড়ার ঘটনা ফিফার প্রস্তুতি এবং স্বাগতিক দেশগুলোর মধ্যে সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
