অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী বিক্ষোভকারী প্রতীকী প্রতিবাদে হাসনাতের ‘মিডল ফিঙ্গার’

অক্সফোর্ড, যুক্তরাজ্য: যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে অনুষ্ঠিত একটি আলোচনাসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে তাকে একটি গাড়ির ভেতর থেকে মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শন করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

রোববার (১৪ জুন) অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

জানা গেছে, অনুষ্ঠান শেষে অক্সফোর্ড ইউনিয়ন থেকে বের হওয়ার সময় যুক্তরাজ্যভিত্তিক আওয়ামী লীগ সমর্থকদের একটি দলের মুখোমুখি হন হাসনাত আবদুল্লাহ। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এমন পরিস্থিতিতে গাড়ির ভেতর থেকে হাসনাত আবদুল্লাহর মধ্যমা প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একদল সমর্থক এটিকে রাজনৈতিক প্রতিবাদ এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী একজন সংসদ সদস্যের কাছ থেকে এমন অঙ্গভঙ্গি প্রত্যাশিত নয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশও বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক উত্তেজনার মুহূর্তে ব্যক্তিগত প্রতিক্রিয়া এবং জনসম্মুখে দায়িত্বশীল আচরণের মধ্যে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাল হওয়া ছবিটি কিংবা ঘটনাটি নিয়ে হাসনাত আবদুল্লাহ বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।