বিদেশি পর্যটকদের আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হারমোনি ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পর্যটন শিল্পে কর্মসংস্থান সৃষ্টি, এথনিক ট্যুরিজমের বিকাশ এবং স্থানীয় সংস্কৃতির সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “বিদেশি পর্যটকদের আকর্ষণে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। পর্যটনের মাধ্যমে সিলেটকে বিশ্বের কাছে নতুনভাবে তুলে ধরতে চাই।”
নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবির প্রসঙ্গে মন্ত্রী জানান, স্থানীয় জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং পর্যটন খাতের সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিউনিটি ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং ওয়াটার ট্যুরিজমের বিকাশে সরকার কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হারমোনি ফেস্টিভ্যালের লক্ষ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় বৈচিত্র্যময় সংস্কৃতিকে পুনরুদ্ধার ও টেকসইভাবে সংরক্ষণ করা।
অনুষ্ঠানে বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী শিল্পকর্ম প্রদর্শনী এবং পর্যটন সম্ভাবনা তুলে ধরা হয়।
