আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে তেহরান।
ইরানের এ বক্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধের অবসান নিয়ে নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোচনার সুযোগ দিতে তিনি ইরানে পরিকল্পিত “ব্যাপক” হামলাও স্থগিত করেছেন বলে জানান।
তবে ট্রাম্পের দাবি নাকচ করে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা নেই এবং এমন আলোচনার পরিকল্পনাও করা হয়নি।
পরে ট্রাম্প দাবি করেন, আলোচনা এখনো চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক ইস্যুতে সমঝোতা হতে পারে।
ট্রাম্পের আলোচনার ঘোষণার পর সোমবার এশিয়ার বাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯৮ ডলারে নেমেছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে প্রণালিটিতে বাণিজ্যিক জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে।
এর আগে মধ্যস্থতাকারীদের সহায়তায় সংঘাত বন্ধের আলোচনা ভেঙে পড়ার পর যুদ্ধবিরতিও শেষ হয়ে যায়। নতুন আলোচনার সম্ভাবনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
