সালাহর জাদুতে বিশ্বকাপে ইতিহাস গড়ল মিসর, নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ

বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে মিসর। অধিনায়ক মোহাম্মদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছে আফ্রিকার দেশটি।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালাহ। পাশাপাশি মোস্তাফা জিকোও একটি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন। ৮৩ মিনিট পর্যন্ত মাঠে থাকা সালাহ পুরো ম্যাচজুড়ে মিসরের আক্রমণের মূল চালিকাশক্তি ছিলেন। তিনি সর্বোচ্চ পাঁচটি শট নেন, প্রতিপক্ষের বক্সে ১৩ বার বল স্পর্শ করেন এবং পাঁচটি গোলের সুযোগ তৈরি করেন।

তবে ম্যাচের শুরুটা ছিল মিসরের জন্য হতাশাজনক। ১৫তম মিনিটে টিম পেইনের কর্নার থেকে ফিন সারম্যানের হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে ইমাম আশুর ও সালাহ সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি মিসর।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আফ্রিকার প্রতিনিধিরা। ৫৮তম মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান মোস্তাফা জিকো। এরপর ৬৭তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে জিকোর সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে বাঁ পায়ের শক্তিশালী শটে গোল করে দলকে এগিয়ে দেন সালাহ।

বিশ্বকাপে এটি ছিল সালাহর তৃতীয় গোল, যা তাকে মিসরের ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। এর আগে আবদেল ফাওজির ঝুলিতে ছিল দুটি গোল।

৮২তম মিনিটে সালাহর নেওয়া কর্নার থেকে বদলি খেলোয়াড় ত্রেজেগে হেডে গোল করে মিসরের জয় নিশ্চিত করেন। যোগ করা সময়ে জিজো আরও একটি সহজ সুযোগ নষ্ট করলেও তাতে উদযাপনে কোনো প্রভাব পড়েনি।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়া মিসর সাত ম্যাচ খেলেও কোনো জয় পায়নি। চলতি আসরে প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর নিউজিল্যান্ডকে হারিয়ে অবশেষে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল তারা।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিসর এবং নকআউট পর্বে ওঠার পথও অনেকটাই সহজ করে ফেলেছে সালাহর দল। অন্যদিকে প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করা নিউজিল্যান্ড দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের তলানিতে।