মার্কিন ইহুদিদের কাছেও নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রে ইসরাইলকে ঘিরে জনসমর্থন আগের তুলনায় কমে এসেছে। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের সাম্প্রতিক এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, প্রতি তিনজন মার্কিন প্রাপ্তবয়স্কের একজন মনে করেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালিয়েছে। অপরদিকে, জরিপে অংশ নেওয়া ইহুদি-আমেরিকানদের মধ্যে প্রায় ৩০ শতাংশ একই মত প্রকাশ করেছেন, যদিও ৪৯ শতাংশ মনে করেন, ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা বলা যায় না।

জরিপের সবচেয়ে আলোচিত দিক হলো নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে ঘিরে জনমত। ইসরাইলের কড়া সমালোচক হিসেবে পরিচিত মামদানিকে ইহুদি-আমেরিকানদের ৪৪ শতাংশ ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে, তার প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ৩৯ শতাংশ এবং ১৭ শতাংশ কোনো মতামত দেননি।

অন্যদিকে, ইহুদি-আমেরিকানদের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা তুলনামূলকভাবে কম। জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জন ইহুদি উত্তরদাতার মধ্যে প্রায় ছয়জন নেতানিয়াহুকে অপছন্দ করেন। মাত্র এক-তৃতীয়াংশ উত্তরদাতা তার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

সামগ্রিক মার্কিন জনমতের ক্ষেত্রেও নেতানিয়াহুর জনপ্রিয়তা নিম্নমুখী। জরিপে দেখা যায়, মাত্র ২০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক তাকে পছন্দ করেন, ৩৮ শতাংশ অপছন্দ করেন এবং ৪১ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি মানবিক সংকট নিয়ে উদ্বেগ বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের জনমতে পরিবর্তন দেখা যাচ্ছে। এর প্রভাব ইসরাইলের বর্তমান নেতৃত্ব সম্পর্কে মার্কিন ভোটারদের দৃষ্টিভঙ্গিতেও প্রতিফলিত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।