সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করল উবার, অ্যাপেই মিলবে সব ধরনের রাইড সেবা

সিলেট: উবার মোটো ও উবার রেন্টালস চালুর পর এবার সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে উবার বাংলাদেশ।

উবারের এ কার্যক্রম চালুর ফলে সিলেট মহানগরীর বাসিন্দাদের পাশাপাশি দেশি-বিদেশি ভ্রমণকারীরাও এখন উবার অ্যাপের মাধ্যমে সহজেই গাড়িসহ বিভিন্ন ধরনের রাইড সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে উবারের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হওয়ায় নগরীর যাতায়াতব্যবস্থা আরও আধুনিক ও সহজ হবে। একই সঙ্গে এটি স্থানীয় ব্যবসা, পর্যটন শিল্প এবং চালকদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উবারের যাত্রা যুক্তরাষ্ট্রে শুরু হলেও এর প্রকৃত সাফল্য নির্ভর করে স্থানীয় চালক, যাত্রী এবং ব্যবহারকারীদের ওপর। তিনি বলেন, আমেরিকান প্রযুক্তি বাংলাদেশের মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করার পাশাপাশি স্থানীয় চালকদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলছে এবং যাত্রীদের জন্য নিরাপদ ও বিকল্প পরিবহন ব্যবস্থা নিশ্চিত করছে।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, বাংলাদেশের বাজার উবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য ও সহজলভ্য যাতায়াত সেবা নিশ্চিত করার পাশাপাশি চালকদের জন্য নমনীয় ও টেকসই আয়ের সুযোগ তৈরি করাও প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। রাজধানী ঢাকার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে সেবার পরিধি সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর মাধ্যমে দেশের নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর সেবার বিস্তারে উবারের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হলো।