সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই, বয়স হয়েছিল ৯৪ বছর; রাজনৈতিক অঙ্গনে শোক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কনিষ্ঠ পুত্র নওফেল জমির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। হাসপাতাল সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। ১৯৬০ সালে আইন পেশায় যোগ দেওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম পৃথক শোকবার্তায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও পৃথক শোকবার্তায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।