নেপালে আকস্মিক বন্যায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৯৭ বছর বয়সী এক নারীকে চার ঘণ্টার অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উদ্ধার হওয়া ওই নারীর নাম গুনা মায়া বোহারা। তার বড়-ভাতিজার ছেলে দীপক বোহারা বিবিসি নেপালিকে বলেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর গুনা মায়াকে দেখে তার মনে হয়েছে, তিনি যেন “যুদ্ধ জয় করে ফেরা এক যোদ্ধা”।
দীপক তার বড়-খালাকে উদ্ধারে সহায়তা করতে কাঠমান্ডু থেকে ঘটনাস্থলে ছুটে যান। পরে উদ্ধারকারীদের সঙ্গে মিলে দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়।
বুধবারের আকস্মিক বন্যায় নেপালে শত শত মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে পড়ার কারণে সৃষ্ট পানির প্রবল স্রোত থেকেই এই আকস্মিক বন্যার সূত্রপাত হতে পারে।
ভয়াবহ এই দুর্যোগের মধ্যেও ৯৭ বছর বয়সী গুনা মায়া বোহারা জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধারকর্মী ও স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
সূত্র বিবিসি
