শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পরিবর্তে ছয় দফা দাবি সামনে রেখে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরতেই তারা সেখানে যান।
বুধবার বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের প্রথমে আটকে দেয়। পরে আলোচনা করার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, একই বিষয়ের পুনঃপরীক্ষায় আগের ও নতুন পরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করা এবং প্রশ্নপত্রে ভুল প্রশ্ন থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান।
এ ছাড়া চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সময় দিয়ে পুনঃপরীক্ষা আয়োজন, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনায় নেওয়া এবং পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধের দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের বর্তমান দাবির তালিকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার ফলাফল জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
