চট্টগ্রাম, প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় দাদার পেছনে পেছনে দোকানে যাওয়ার সময় নালার প্রবল স্রোতে ভেসে গিয়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ মোস্তাকিম (৩)। সে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, চার দিনের টানা বর্ষণের কারণে এলাকার পানি নিষ্কাশন নালায় প্রবল স্রোত সৃষ্টি হয়েছিল। বুধবার সন্ধ্যায় মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে দাদার পেছনে হাঁটার সময় সড়কের পাশের পানি চলাচলের নালায় পড়ে গিয়ে স্রোতে ভেসে যায়।
পরে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি দাদার সঙ্গে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। বৃষ্টির কারণে নালায় তীব্র স্রোত থাকায় সে ভেসে যায়। পরে তাকে উদ্ধার করে নিজের গাড়িতে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের মতে, টানা বর্ষণের কারণে নালা ও ড্রেনের স্রোত বিপজ্জনক হয়ে ওঠায় শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
