টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার এই জলাবদ্ধতার কারণে নগরজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষ, সাধারণ যাত্রী এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
সকালের বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকার অধিকাংশ সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, পুরান ঢাকা, বংশাল, নিউমার্কেট, কাকরাইল, কারওয়ান বাজার, নয়াপল্টন ও মতিঝিলমুখী সড়কে দীর্ঘ সময় জলাবদ্ধতা ও যানজট দেখা যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানায়, বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়ক, বনানী-কাকলী এক্সপ্রেসওয়ের র্যাম্প এবং ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনের ইসিবি এলাকায় পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানির পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন সংস্কারকাজ চলমান থাকায় যান চলাচল আরও ধীর হয়ে পড়ে।
সোমবার এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনুষ্ঠিত হওয়ায় বহু পরীক্ষার্থী জলাবদ্ধ রাস্তা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়েন। একই সঙ্গে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ পথচারীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে রিকশা, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে দুই থেকে তিন গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অন্যদিকে, বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।
পরিস্থিতি বিবেচনায় ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে উল্লেখ করে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এদিকে, সোমবার দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ ঢাকায় আগামী ২ থেকে ৩ দিন একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর কয়েক দিনের জন্য বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও সাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হলে ১৮ থেকে ১৯ জুলাইয়ের পর আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, স্বল্প সময়ে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হওয়ায় রাজধানীর জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে।
