যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক সহিংসতার এক মর্মান্তিক ঘটনায় গুগলের ভারতীয় বংশোদ্ভূত জ্যেষ্ঠ প্রযুক্তি কর্মকর্তা শীতল রজেসিয়েন (৫৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ২৩ বছর বয়সী ছেলে জেসন রজেসিয়েন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নিহতের স্বামী কার্ক বি. রজেসিয়েনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার কিছু আগে জর্জিয়ার স্মার্না শহরের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বাড়ির ভেতরে শীতল রজেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় বাড়ির বাইরে থেকে তাদের ছেলে জেসন রজেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
ঘটনার পর পারিবারিক বাসভবন থেকেই কার্ক বি. রজেসিয়েনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাকে বর্তমানে কব কাউন্টি আটক কেন্দ্রে জামিন ছাড়াই রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কার্কের বিরুদ্ধে হত্যা, মারাত্মক হামলা এবং অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে কী কারণে এ পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে বা কী পরিস্থিতিতে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
শীতল রজেসিয়েন প্রযুক্তি খাতে সুপরিচিত একজন পেশাজীবী ছিলেন। তিনি গুগলে ইঞ্জিনিয়ারিং নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তি শিল্পে কাজ করেছেন।
