বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও নিজ দেশে ফেরত নিতে দেশটি রাজি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার ফল হিসেবে মিয়ানমার এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, “এ ধরনের বিষয় অত্যন্ত সতর্ক ও সুপরিকল্পিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নিতে হয়।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগে অনেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানালেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ, সে সময় মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি ছিল না।

আনোয়ার ইব্রাহিম জানান, এ কারণেই মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের নির্ধারিত স্থানে রাখা হয়েছে। পাশাপাশি তিনি দেশটিতে বসবাসরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলার এবং জনসাধারণের দুর্ভোগ বা ভোগান্তির কারণ না হওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রোহিঙ্গা শরণার্থী জনসমাগমস্থল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে।

তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সময়সূচি, প্রক্রিয়া কিংবা মিয়ানমারের পক্ষ থেকে তাদের নিরাপদ ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সূত্র: দ্য স্টার