ফিফার ২০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে সংকট, বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি উয়েফার

ফিফার নতুন ২০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন এবং এর অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা পরিকল্পনার প্রতিবাদে ভবিষ্যৎ ফিফা প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে। একই সঙ্গে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও প্রকাশ্যে এ উদ্যোগের বিরোধিতা করেছে।

উয়েফা জানিয়েছে, তাদের ৫৫ সদস্য দেশ সর্বসম্মতভাবে ফিফার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংস্থাটির মতে, বিশ্বকাপকে কোনো বিনিয়োগ পণ্য হিসেবে বিবেচনা করা উচিত নয় এবং এর কোনো অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা গ্রহণযোগ্য নয়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যমানের একটি নতুন বাণিজ্যিক উদ্যোগের ২০ শতাংশ অংশীদারিত্ব বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিফার ২১১ সদস্য সংস্থার মধ্যে অর্থ বিতরণ করা হবে এবং প্রতিটি সদস্যকে প্রাথমিকভাবে ২ কোটি ডলার করে দেওয়ার কথা রয়েছে। বিষয়টি আগামী ১৯ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে অনুমোদনের জন্য তোলা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ তহবিল থ্রাইভ ইটারনাল এই উদ্যোগের প্রধান বিনিয়োগকারী হিসেবে আলোচনায় রয়েছে। তবে উয়েফা ও কনকাকাফের বিরোধিতার কারণে পুরো পরিকল্পনার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

কনকাকাফ এক বিবৃতিতে স্বচ্ছ পরিচালনা, সেবামূলক দৃষ্টিভঙ্গি এবং ফুটবলের দীর্ঘমেয়াদি সুরক্ষার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি প্রশ্ন তুলেছে, ফুটবলে বাইরের বিনিয়োগকারীদের মূলধনের প্রয়োজনীয়তা কতটা রয়েছে। তাদের মতে, ফিফার বিদ্যমান তহবিল ব্যবহার করেই সদস্য দেশগুলোকে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া সম্ভব।

ফিফার পরিকল্পনা ঘোষণার পর থেকে বিভিন্ন দেশীয় ফুটবল লিগ, সমর্থক সংগঠন, খেলোয়াড়দের ইউনিয়ন এবং আইনপ্রণেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। উয়েফার অবস্থানকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ইউরোপের সদস্যদের মধ্যে ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের মতো বিশ্বের শক্তিশালী ফুটবল দেশ রয়েছে। এসব দেশ ছাড়া বিশ্বকাপের বাণিজ্যিক আকর্ষণ ও বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনের নেতৃত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ৫৫ সদস্যের মধ্যে ৪০ জন প্রতিনিধি বক্তব্য দেন এবং সবাই বয়কটের পক্ষে সমর্থন জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, তারা ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং উয়েফার সম্মিলিত অবস্থানকে সমর্থন করছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ক্রীড়া কমিশনার গ্লেন মিকালেফও উয়েফার অবস্থানকে সমর্থন করেছেন। তিনি ফিফার প্রস্তাবটি নিয়ে ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা-বিরোধী আইন প্রয়োগের সম্ভাব্য তদন্তের কথাও উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, উয়েফার বয়কটের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি ফিফা ও ইউরোপীয় ফুটবলের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিরোধে পরিণত হতে পারে। বিশেষ করে ইউরোপের শীর্ষ ফুটবল দেশগুলো অংশ না নিলে ভবিষ্যৎ বিশ্বকাপের ক্রীড়া ও বাণিজ্যিক গুরুত্ব বড় ধরনের ধাক্কা খেতে পারে।