‘সাহস থাকলে আ.লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠেই জবাব দেব’

আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখানো হোক, মাঠে নামলেই কার কতটা সক্ষমতা রয়েছে তা প্রমাণ হবে।

সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আইডিইবিতে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, দেশের জনগণ, শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে অবস্থান করবে। ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যারা এ উদ্যোগ নিতে চান, তাদের সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে দেখাতে হবে। তিনি আরও বলেন, মাঠে নামলেই কার কতটা সক্ষমতা রয়েছে, তা প্রমাণ হয়ে যাবে।