ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ কয়েকজন গুরুতর আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জকসু প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জকসু প্রতিনিধিদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবা উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতে তারা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন।

তবে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে জকসু প্রতিনিধি, ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা এবং জকসু প্রতিনিধিদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

এ ঘটনায় জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা ও আইনবিষয়ক সম্পাদক ফারুক আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখও আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতা প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ভিডিওতে তাকে ধাক্কা দেওয়ার ঘটনাও দেখা যায়।

ভিডিওতে মেহেদী হাসান হিমেলকে, “এই দরজা বন্ধ কর, দ্রুত গেট আটকা” বলতে শোনা যায়। পরে মিলনায়তনের গেট বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর জকসু নেতারা ছেঁড়া প্ল্যাকার্ড হাতে মিলনায়তনের সামনে বিক্ষোভ করেন।

জকসু নেতাদের দাবি, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতেই তারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হয় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে জকসু জিএস আব্দুল আলিম আরিফ ফেসবুকে লেখেন, “প্রক্টর ছাত্রদল হয়ে গেছে নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা। ধাক্কাধাক্কি করা শুধু ছাত্রদলের দ্বারাই সম্ভব।”

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা করেছে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলেছে। প্রক্টর অফিস ও ছাত্রদলের নেতাকর্মীরা জকসুর প্রতিনিধিদের ধাক্কা দিয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এ ঘটনার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের ভাই-বোনদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এই ছেঁড়া পোস্টারেই দাবি আদায় হবে, ইনশাআল্লাহ।”

তবে এ ঘটনায় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।