যুক্তরাজ্যে আসছে বছরের পঞ্চম তাপপ্রবাহ, তাপমাত্রা উঠতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে

আবারও তীব্র গরমের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। চলতি বছরের পঞ্চম ব্যাপক তাপপ্রবাহ আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ইংল্যান্ড ও ওয়েলসে দিনের তাপমাত্রা ২০-এর মাঝামাঝি থেকে ২০-এর শেষভাগে পৌঁছাতে পারে। তবে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে তুলনামূলক ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। এসব অঞ্চলে তাপমাত্রা ১৭ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। একই সঙ্গে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও দমকা বাতাসের সম্ভাবনাও রয়েছে।

রোববার থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডসহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। অনেক এলাকায় তাপমাত্রা স্থানীয় হিটওয়েভ থ্রেশহোল্ড অতিক্রম করবে। টানা কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকলে বছরের পঞ্চম ব্যাপক তাপপ্রবাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

ইতোমধ্যে ইংল্যান্ডের অধিকাংশ এলাকায় মঙ্গলবার পর্যন্ত হলুদ হিট হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত গরমে স্বাস্থ্য ও সামাজিক সেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ার পাশাপাশি বয়স্ক, শিশু এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়লে যুক্তরাজ্য হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) এসব সতর্কতা আরও বিস্তৃত বা হালনাগাদ করতে পারে।

এদিকে চলতি গ্রীষ্মে ইতোমধ্যে একাধিক আবহাওয়া রেকর্ড ভেঙেছে যুক্তরাজ্যে। জুলাই ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সূর্যালোক পাওয়া মাস। একই সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলসে জুলাই মাস ছিল রেকর্ডের সবচেয়ে শুষ্ক জুলাই।

চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাজ্যে ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দিন। আগামী সপ্তাহে এই সংখ্যা ৩৪ দিনে পৌঁছাতে পারে, যা ১৯৯৫ সালের রেকর্ডকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে বলে পূর্বাভাস রয়েছে।

আরও একটি ব্যতিক্রমী রেকর্ড ইতোমধ্যে তৈরি হয়েছে। মে, জুন ও জুলাই মাসে টানা তিন মাস যুক্তরাজ্যের কোনো না কোনো স্থানে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা দেশটির ইতিহাসে প্রথমবারের ঘটনা। আবহাওয়ার কিছু পূর্বাভাস মডেল অনুযায়ী, আগস্ট মাসেও মধ্য ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। তা হলে আগস্টও এই রেকর্ডের তালিকায় যুক্ত হবে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহে দীর্ঘস্থায়ী গরমের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রাজনিত স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। বিশেষ করে দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।