যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসজুড়ে বৃহস্পতিবার একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এক শিশুসহ তিন দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টোরব্রিজ গলফ কোর্সের কাছে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে প্রায় ১০০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। শুকনো ঘাস ও বনাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে অন্তত ছয়টি বাড়ি পুড়ে যায়। প্রায় ৪০ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই আগুনে একাধিক স্থানে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ফায়ার কন্ট্রোল টিমকে দিনভর হাজার হাজার ৯৯৯ কল সামলাতে হয়েছে। ফায়ার সার্ভিসের প্রধান সাইমন টুহিল পরিস্থিতিকে তাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্নিনির্বাপণ অভিযান হিসেবে উল্লেখ করে ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা জানান।
স্টোরব্রিজের আগুনে ছয়জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। আগুনের কারণে গলফ কোর্সের আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা জেন বাক্সটার জানান, দুপুর প্রায় ১টা ১৫ মিনিটে তিনি প্রথম ধোঁয়ার গন্ধ পান। পরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তিনি বাড়ির ছাদের ওপর আগুনের শিখা দেখতে পান।
এদিকে বার্মিংহামের ক্যাসেল ভ্যালে একটি অগ্নিকাণ্ডে এক নারী গুরুতর আহত হন। শহরের ড্রুইডস হিথ এলাকাতেও হিলমিডস রোডের কাছে বড় ধরনের আগুন লাগে।
ওরচেস্টারশায়ারের পারশোরে ল্যান্সেলট কোর্টে আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৩০ জনকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে একজনকে চিকিৎসা দেওয়া হয়। আগুনের প্রভাবে ওই এলাকায় প্রায় ২০০টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।
স্টোক-অন-ট্রেন্টের গোল্ডেনহিল এলাকায় আগুনে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, চারটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
ওয়ারউইকশায়ারের সালফোর্ড প্রায়র্স এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণে কর্তৃপক্ষ একটি ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করে। রাত ৯টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সেখানে দমকলকর্মীরা কাজ চালিয়ে যান।
অগ্নিকাণ্ডের ধোঁয়ার কারণে M6 মোটরওয়ের উত্তরমুখী অংশের ৫ ও ৬ নম্বর জংশনের মাঝের সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যানজট ও ব্যাপক বিলম্ব সৃষ্টি হয়। আগুনের কারণে ওয়েস্ট মিডল্যান্ডসের বিভিন্ন এলাকায় পানি সরবরাহেও বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়েছে সেভার্ন ট্রেন্ট ওয়াটার।
প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ঘটনাগুলোকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানান। তিনি আহত ব্যক্তি, বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া মানুষ এবং হাসপাতালে নেওয়া দমকলকর্মীদের কথা উল্লেখ করে জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান।
ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র রিচার্ড পার্কার পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও দ্রুত পরিবর্তনশীল’ বলে বর্ণনা করেছেন। একসঙ্গে এতগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার পুরো অঞ্চলের জরুরি পরিষেবাগুলোকে নজিরবিহীন চাপের মুখে পড়তে হয়েছে।
