তরুণ ভোটারদের সঙ্গে বিএনপির সংলাপ: অংশ নিলেন জাইমা রহমান

তরুণ প্রজন্মের ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সরাসরি সংলাপ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালী ডিওএইচএস খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে জাইমা রহমান তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা শোনেন। তিনি তরুণদের মতামত ও প্রশ্নের উত্তর দেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপ তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তারা।