ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নারী মিছিল, অবাধ নির্বাচনের দাবি

নিউজ রিপোর্ট: ঢাকা-১০ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনি নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার জিগাতলা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে ইবনে সিনা হাসপাতাল, সিটি কলেজ, মিরপুর রোড, কলাবাগান ও সোবহান বাগ মসজিদ এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শেষ হয়। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি অভাবনীয় বিজয় অর্জিত হবে। তিনি দাবি করেন, সারাদেশে জামায়াতে ইসলামীর প্রতি গণসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে, যা দীর্ঘদিনের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জনগণ বিশ্বাস করে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। এ কারণে নারী-পুরুষ, কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে আগ্রহী।

সমাবেশে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতে যারা দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল তারা নির্বাচনে কারচুপির চেষ্টা করতে পারে। ক্ষমতা দখলের লক্ষ্যে তারা জামায়াতের নারী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার পথ বেছে নিতে পারে। তবে সব ভয় অতিক্রম করে জনগণের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সহকারী জোন পরিচালক শেখ শরীফ উদ্দীন আহমেদ, ঢাকা-১০ আসন কমিটির নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল, মহানগরীর কর্মপরিষদ সদস্য সেলিনা পারভীন ও কামরুন্নাহার তুরানী।

এছাড়া উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ, কামরাঙ্গীরচর পশ্চিম থানা আমির অধ্যাপক মুজিবুর রহমান, কলাবাগান পূর্ব থানা আমির জাহিনুর রহমান, হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল, ধানমন্ডি থানা কর্মপরিষদ সদস্য মো. আনিসুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা।