ঢাকা: ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক এক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।
জরিপের ফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে ৩৫ শতাংশ ভোটার তাদের ভোট দিতে চান তারেক রহমানকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামানকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৩২ শতাংশ ভোটার। এখনো কাকে ভোট দেবেন সে বিষয়ে মত জানাতে চাননি ১৫ দশমিক ১ শতাংশ ভোটার। পাশাপাশি ১০ দশমিক ৭ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা এখনও সিদ্ধান্তহীন। অন্য প্রার্থীদের ভোট দিতে চান ৩ দশমিক ৭ শতাংশ ভোটার এবং ভোট দেবেন না বলে জানিয়েছেন ৩ দশমিক ৫ শতাংশ ভোটার।
সোচ্চার জানায়, জরিপটি দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত মোট ৫১৫ জন ভোটারের ওপর পরিচালিত হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ২৬৯ জন পুরুষ এবং ২৪৬ জন নারী।
জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দুই প্রধান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম, যা আসনটিতে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
