যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে হবে এসপি–ওসি নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে আর লটারির মাধ্যমে নিয়োগ বা পদায়ন করা হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই এসব গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হবে।

সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসপি ও ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এ ধরনের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাওয়া যায় না। তিনি বলেন, বড় জেলা ও ছোট জেলার কাজের ধরন ভিন্ন হওয়ায় সেখানে অভিজ্ঞতা, দক্ষতা ও উপযুক্ততা বিবেচনা করা জরুরি। কিন্তু অতীতে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এমনকি লটারির প্রক্রিয়াটিও স্বচ্ছ ছিল না।

তিনি আরও বলেন, সরকারি নিয়োগ এভাবে হওয়া উচিত নয়। সংশ্লিষ্ট বিভাগ যাদের দক্ষ ও উপযুক্ত মনে করবে, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তাদেরই পদায়ন করা হবে—এমন নির্দেশনা বৈঠকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষ দিকে অন্তর্বর্তী সরকার পুলিশের এসপি ও ওসিদের নিয়োগ ও পদায়ন লটারির মাধ্যমে শুরু করে। ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়। পরবর্তীতে ডিসেম্বরের শুরুতে লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়।