ইরানের অবকাঠামোতে হামলা হলে ‘সমানুপাতিক জবাব’ দেবে তেহরান: উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো হামলার জবাবে সমানুপাতিক প্রতিক্রিয়া জানানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ সতর্কবার্তা দেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহরের বরাতে জানা গেছে, গারিবাবাদি বলেছেন—বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি মূলত বেসামরিক স্থাপনাকে টার্গেট করার শামিল, যা আন্তর্জাতিক যুদ্ধ আইনের পরিপন্থী।

তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগ্রাসন ঠেকাতে এবং আইন লঙ্ঘন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় ইরান তার আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ করবে।

গারিবাবাদির ভাষায়, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো হামলার জবাব ‘সমানুপাতিকভাবে’ দেওয়া হবে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তার সম্পূর্ণ দায়ভার থাকবে হামলা শুরুকারীদের ওপর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষিতেই তেহরানের পক্ষ থেকে এ কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।