আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘প্রবাসীদের মিলন মেলা’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
রবিবার বিকেল সাড়ে ৪টায় কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দেশাত্মবোধের আবহ ছড়িয়ে পড়ে পুরো মিলনায়তনে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর একটি নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন) ও সহ-দফতর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. অলি উল্যাহ জাহিদ, ফজলুল করিম সোহরাবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।
আলোচনা সভা শেষে প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, পরিবেশনা ও আনন্দঘন আয়োজন প্রবাস জীবনে এনে দেয় স্বদেশের ছোঁয়া।
বক্তারা প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা দিবসের চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন মিলনমেলার আয়োজনকে সাধুবাদ জানান তারা।
সব মিলিয়ে, ‘প্রবাসীদের মিলন মেলা’ হয়ে উঠেছিল প্রবাসে বসেই দেশপ্রেম, ঐক্য ও উৎসবের এক অনন্য মিলনমঞ্চ।
