লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পাকিস্তান সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। অতীতের মতো এবারও পাকিস্তানের কর্মকর্তারা দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে যোগাযোগ রক্ষার চেষ্টা করতে পারেন।
এদিকে, আলোচনার আগেই ইরানের জব্দ হওয়া সম্পদ অবমুক্ত করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে—এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
প্রতিনিধি দলের প্রধান গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে আলোচনার আগে ইরানের সম্পদ মুক্ত করতে হবে। ইরানের কিছু গণমাধ্যম ইতোমধ্যে দাবি করেছে, ওয়াশিংটন এ বিষয়ে সম্মত হয়েছে, যদিও তা এখনো নিশ্চিত নয়।
পর্যবেক্ষকরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নতুন কূটনৈতিক পথ তৈরি হতে পারে।
