দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
সোমবার বিমানবন্দর-সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। এর অংশ হিসেবে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানবন্দরের ভেতরে ও বাইরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত পোশাকধারী ও সাদাপোশাকের সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন ও প্রস্থান—উভয় ক্ষেত্রেই যাত্রী ও মালামালের তল্লাশি আরও কঠোর করা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হুমকি শনাক্ত না হলেও আগাম সতর্কতা হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন ব্যবস্থা নেওয়া হয়, তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও জোরদার করা হয়েছে।
এছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালনা হয় না, সেসব স্থানেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রমে কোনো ধরনের ঘাটতি না রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সম্প্রতি গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়।
