গত ২৪ ঘণ্টায় হামে ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১,৩০৩

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩০৩ জন রোগী।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১১১ জনের। ফলে একদিনেই মোট নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে সাত হাজার ৪১৬ জনের।

এ সময়ের মধ্যে মোট ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।