ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রুদ্ধশ্বাস ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপসেরা হলো ফরাসি ক্লাবটি।
পুরো ম্যাচজুড়ে ছিল দারুণ উত্তেজনা। শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের প্রথম ভাগে মার্কিনহোসের ক্লিয়ারেন্স ট্রোসার্ডের গায়ে লেগে কাই হাভার্টজের সামনে চলে আসে। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে মাঝমাঠ থেকে একাই এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকে জোরালো শটে বল জালে জড়ান জার্মান মিডফিল্ডার। ২০০৬ সালের ফাইনালের মতো এবারও শুরুতেই লিড পেয়ে যায় গানাররা।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পিএসজি। এক গোল শোধ করে সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা। এরপর অতিরিক্ত সময়েও দুই দল সমানতালে লড়াই চালিয়ে গেলেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরুটা ভালো করে দুই দলই। পিএসজির হয়ে গন্সালো রামোস ও হাকিমি গোল করেন। আর্সেনালের হয়ে গিওকেরেস ও ডেকলান রাইসও লক্ষ্যভেদ করেন। কিন্তু এবেরেচি এজের শট পোস্টের বাইরে চলে গেলে চাপে পড়ে ইংলিশ ক্লাবটি। পরে গ্যাব্রিয়েল মাগালহায়েসের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে শিরোপা নিশ্চিত হয় পিএসজির।
এই জয়ে নতুন ইতিহাস গড়ল প্যারিসের ক্লাবটি। ২০২৫ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবার টানা দ্বিতীয়বার ট্রফি জিতে ইউরোপের অন্যতম সেরা ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল তারা। ১৯৯২ সালে প্রতিযোগিতার নতুন নামকরণের পর ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে টানা তিনবার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা শিরোপা ধরে রাখার কীর্তি গড়ল পিএসজি।
অন্যদিকে ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের আনন্দে থাকা আর্সেনালের জন্য ইউরোপের প্রথম শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো। ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হলো মিকেল আর্তেতার দলকে।
