প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনয়নে উৎসাহিত করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণে একটি সংশোধনী আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলাদেশি নাগরিককে বিদেশি বিনিয়োগ দেশে আনতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সরকার এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখা ব্যক্তিদের উৎসাহিত করা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সংশোধনী প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক কিংবা অলাভজনক কোম্পানি বা সংগঠন গঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার অর্জন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার আইনি ভিত্তি দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এ প্রয়োজনীয় সংশোধন এনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর এবং বহুমুখী করার লক্ষ্যেই নতুন সংশোধনী আনা হচ্ছে।
