বিশ্বকাপের আবহে শোক: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরাসি ফুটবলার

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে ফরাসি ফুটবলে। মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সী তরুণ ফুটবলার কেনজো কিয়েস। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুঁইগাম্পের এই খেলোয়াড় নদীতে ডুবে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (২৬ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়, দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেতে তিন বন্ধুকে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো কিয়েস। এ সময় নদীর প্রবল স্রোতে চারজনই ভেসে যেতে শুরু করেন।

খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে নিরাপদে উদ্ধার করলেও কেনজোকে খুঁজে পেতে সময় লাগে। পরে দমকলকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার ক্লাব, সতীর্থ ও সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে, ফ্রান্সজুড়ে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। ফ্রান্স সরকারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে শুরু হওয়া তাপপ্রবাহ-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় অন্তত ৪০ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

কর্তৃপক্ষ নাগরিকদের নদী ও অন্যান্য জলাশয়ে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।