বিশ্বকাপের মঞ্চে যেন প্রতিটি ম্যাচেই নতুন ইতিহাস লিখে চলেছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজের নামের পাশে যোগ করেছেন একাধিক অনন্য রেকর্ড।
৮০তম মিনিটে করা এই গোলটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ এবং বিশ্বকাপে তার ক্যারিয়ারের ১৯তম গোল। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েন। এর আগে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ব্রাজিলের জর্জিনহোর দখলে। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে শুরু হওয়া গোলের ধার এবারও অব্যাহত রেখে সেই দুই কিংবদন্তিকেও ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করার পর এবারের আসরে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে টানা সাত ম্যাচে গোলের নজির স্থাপন করেন তিনি।
শুধু এটিই নয়, জর্ডানের বিপক্ষে করা ফ্রি-কিক গোলের সুবাদে বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে, যা গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এতদিন পাঁচ গোল নিয়ে এই রেকর্ডে যৌথভাবে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো।
এছাড়া গত ছয় দশকে বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে দুটি গোল করা মাত্র ষষ্ঠ ফুটবলার হিসেবেও নাম লেখান মেসি। চলতি আসরের গ্রুপ পর্বেই ছয় গোল করে তিনি বিশ্বকাপের এক আসরের গ্রুপ পর্বে ছয় গোল করা মাত্র পঞ্চম খেলোয়াড়ের কাতারে জায়গা করে নেন। ১৯৯৪ সালে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর পর প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
মেসির ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয়ভাবেও নতুন মাইলফলক স্পর্শ করেছে আর্জেন্টিনা। জর্ডানকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়েছে আলবিসেলেস্তেরা। ১৯৩০, ১৯৯৮, ২০১০ ও ২০১৪ সালের পর এবারও তিন ম্যাচে তিন জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
একই সঙ্গে বিশ্বকাপে টানা নয় ম্যাচ অপরাজিত থাকল লিওনেল স্কালোনির দল। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর থেকে বিশ্বকাপের কোনো ম্যাচেই পরাজয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত ফর্ম ও দলীয় ধারাবাহিকতায় শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে আলবিসেলেস্তেদের।
