লন্ডনে কুখ্যাত গ্যাংয়ের ১৬ সদস্যের প্রায় ১০০ বছরের কারাদণ্ড, নেতৃত্বে ছিলেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত

লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও বেথনাল গ্রিন এলাকায় সক্রিয় কুখ্যাত অপরাধচক্র ‘স্পেকস’-এর ১৬ সদস্যকে মোট প্রায় ১০০ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। মেট্রোপলিটন পুলিশের দীর্ঘমেয়াদি তদন্ত ‘অপারেশন নটউইড’-এর মাধ্যমে মাদক ও অস্ত্র পাচার, সহিংসতা এবং অবৈধ অর্থ লেনদেনে জড়িত চক্রটির বিস্তৃত নেটওয়ার্ক উন্মোচিত হয়।

আদালতের রায়ে চক্রটির অন্যতম প্রধান সদস্য নেফুর মিয়াকে সাড়ে ১৭ বছরের এবং মুহাম্মদ ইসমাঈল আলীকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, মাত্র দুই বছরে সিন্ডিকেটটি আড়াই লাখেরও বেশি অবৈধ আর্থিক লেনদেন সম্পন্ন করে এবং বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

মেট্রোপলিটন পুলিশ ৫০টিরও বেশি মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, আর্থিক লেনদেনের নথি পর্যালোচনা এবং গোপন নজরদারির মাধ্যমে চক্রটির অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরে। তদন্তে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই আদালত দোষীদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন নটউইড’ পূর্ব লন্ডনে সংঘবদ্ধ অপরাধ দমনে একটি উল্লেখযোগ্য সাফল্য। কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের কাছ থেকে জব্দ করা অর্থ ও সম্পদ স্থানীয় জনকল্যাণমূলক কর্মসূচি, ঝুঁকিপূর্ণ তরুণদের পুনর্বাসন এবং অপরাধ প্রতিরোধমূলক উদ্যোগে ব্যয় করা হবে।

সূত্র: সামাজিক মাধ্যম।