পশ্চিম লন্ডনের পার্কে অগ্নিকাণ্ডের পর নারীর দেহাবশেষ, হত্যা তদন্ত শুরু

পশ্চিম লন্ডনের একটি পার্কে অগ্নিকাণ্ডের পর মানবদেহের হাড় উদ্ধারের ঘটনায় হত্যা তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাউনস্লোর বেডফন্ট লেকস কান্ট্রি পার্কে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। পরে পার্কের ‘দ্য পিটস’ নামে পরিচিত একটি বনাঞ্চলে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় এক ব্যক্তি মানবদেহের হাড় দেখতে পান।

ময়নাতদন্তের পর পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাড়গুলো ২৫ থেকে ৪৫ বছর বয়সী এক নারীর। তবে তিনি কতদিন আগে মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, এর আগে ৫ আগস্ট একই এলাকায় একটি ঘাসের আগুন নিয়ন্ত্রণে চারটি ফায়ার ইঞ্জিন ও প্রায় ২৫ জন দমকলকর্মী কাজ করেন। ওই আগুনে প্রায় দুই হেক্টর ঝোপঝাড় ও উদ্ভিদভূমি ক্ষতিগ্রস্ত হয়।

দেহাবশেষ উদ্ধারের স্থানটির আশপাশে মাটির কিছু অংশ পুড়ে কালো হয়ে যাওয়া এবং আগুনে ক্ষতিগ্রস্ত গাছপালার চিহ্ন দেখা গেছে।

তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ওয়েন জলি বলেন, ঘটনাটির পূর্ণাঙ্গ পরিস্থিতি জানতে পুলিশ কাজ করছে এবং তদন্তে সব সম্ভাবনাই খোলা রাখা হয়েছে।

তিনি বলেন, “নিহতের পরিচয় শনাক্ত করতে এবং তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে তথ্য পেতে পারে এমন যেকোনো ব্যক্তিকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।”

পুলিশ ঘটনাটি সম্পর্কে তথ্য জানা থাকলে তা তদন্তকারীদের জানানোর জন্য প্রত্যক্ষদর্শী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র বিবিসি