বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানের সরকার ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জব্দযোগ্য সম্পদের উৎস শনাক্ত করতে বড় ধরনের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেসেন্ট বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানের জব্দযোগ্য সম্পদ খুঁজে বের করার কাজ চলছে। এসব সম্পদ থেকে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে ইরানের সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ বা পণ্যের ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে ইরানের বাজেয়াপ্ত বা জব্দ করা সম্পদ ব্যবহার করা হবে। ট্রাম্পের এ ঘোষণাকে কেন্দ্র করে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানায় এবং এর নিন্দা করে।
ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই ট্রেজারি সচিব বেসেন্টের নতুন মন্তব্য সামনে এলো। বিশ্লেষকদের মতে, ইরানের সম্পদ অনুসন্ধান ও তা ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক অর্থনীতি ও কূটনৈতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আল জাজিরা
