যুক্তরাজ্যে কুলাউড়াবাসীর মতবিনিময় সভায় মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আগামী দিনে মাহিদুর রহমানকে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়। কুলাউড়া বিএনপির সাবেক নেতা জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ওলিউর রহমান চৌধুরী ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব খসরুজ্জামান খসরু, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ এবং কুলাউড়া কলেজের সাবেক ভিপি আব্দুল মোহিত সুহেল।

সভায় স্বাগত বক্তব্য দেন যুবনেতা জিয়াউল হক জিয়া। এছাড়া বক্তব্য দেন তাজুল ইসলাম, নুরুল ইসলাম এমবিই, কমর উদ্দিন জামাল, ফখরুল ইসলাম বাদল, এম এ মুকিত, আহবাব হোসেন বাপ্পী, আকমল হোসেন, আব্দুল করিম নিপু, আজিম উদ্দিন, মিনহাজুল আলম মামুন, ফারহান চৌধুরী এবং সাংবাদিক মিনহাজসহ আরও অনেকে।

বক্তারা ব্রিটেন ও ইউরোপে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে মাহিদুর রহমানের দীর্ঘদিনের ত্যাগ, অবদান ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মাহিদুর রহমান সারা জীবন বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিনিময়ে তিনি পেয়েছেন মানুষের ভালোবাসা ও সম্মান।

বক্তারা আরও বলেন, একজন সজ্জন, বন্ধুবৎসল ও পরোপকারী ব্যক্তি হিসেবে মাহিদুর রহমান কমিউনিটিতে সুপরিচিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাকে সম্মান ও স্নেহ করেন বলে বক্তারা উল্লেখ করেন। এ সময় বক্তারা আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে জননেতা মাহিদুর রহমানকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

সভায় বক্তারা কুলাউড়া উপজেলার দীর্ঘদিনের অবহেলিত বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরে এ ব্যাপারে মাহিদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক কুলাউড়াবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।