চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন মহাসচিব আবু তাহের চৌধুরী, যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম

চট্টগ্রাম নাগরিক ফোরামের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন নেতৃত্বে দায়িত্ব পেলেন বিশিষ্ট সমাজসেবক আবু তাহের চৌধুরী ও লেখক-সংগঠক কামরুল ইসলাম।

চট্টগ্রাম নাগরিক ফোরামের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভায় সংগঠনের নতুন মহাসচিব হিসেবে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের চৌধুরী এবং যুগ্ম মহাসচিব হিসেবে বিশিষ্ট লেখক-সংগঠক কামরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন।

সভায় ২০১৫ সাল থেকে চট্টগ্রাম নাগরিক ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলে ধরে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামবাসীর অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সমস্যা সমাধানে ফোরাম নিরন্তর কাজ করে যাচ্ছে। চট্টগ্রামবাসীর কাছে সংগঠনটির বিশেষ গুরুত্ব ও গ্রহণযোগ্যতা রয়েছে। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফোরামকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।


সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আবু তাহের চৌধুরীকে মহাসচিব এবং কামরুল ইসলামকে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে অন্যান্য পদে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান ও সংগঠনের অন্যান্য নেতার সঙ্গে আলোচনা করে শিগগিরই কমিটি পুনর্গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব এবং চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর কর্মসূচি চূড়ান্ত করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, কালুরঘাটে নতুন সেতু নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করা, যানজট নিরসন, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, ‘মিডিয়া সন্ত্রাস’ বন্ধে উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন ইস্যুতে জনগণকে সচেতন করে সরকারের দৃষ্টি আকর্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিদ্যমান মাস্টার প্ল্যান সংশোধন অথবা নতুন মাস্টার প্ল্যান গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চট্টগ্রামবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের মতামত গ্রহণ করে একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে। পরে তা সংশ্লিষ্ট সংস্থা ও সরকারের কাছে উপস্থাপন করা হবে।

সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, বিশিষ্ট রাজনীতিক মিতুল দাশগুপ্ত, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম এবং কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, রেজাউল করিম, ইমাম হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নূর, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইলিয়াস রিপন, মোহাম্মদ শাহরিয়ার, আরিফুল ইসলাম চৌধুরী, মনজুর আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারুক আহমদ ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।