সার্কের দুই প্রতিষ্ঠানে মহাসচিবের সফর

আহমাদুল কবির:

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব মো. গোলাম সারওয়ার ঢাকায় সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) ও দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা (সারসো) পরিদর্শন করেছেন।

সার্ক সচিবালয়ের কৃষি, পল্লী উন্নয়ন ও সার্ক উন্নয়ন তহবিলবিষয়ক পরিচালক তানভীর আহমদ তোরফদার এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন। দুই প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা মহাসচিবকে স্বাগত জানান।

১৮ আগস্ট, সফরকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তাদের চলমান কার্যক্রম, গুরুত্বপূর্ণ অর্জন, আঞ্চলিক কর্মসূচি, অংশীদারত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মহাসচিবকে অবহিত করা হয়। এ সময় সার্কের বিশেষায়িত সংস্থা ও আঞ্চলিক কেন্দ্রগুলোর ভূমিকা আরও কার্যকর করে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

সার্ক মহাসচিব দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে এসএসি ও সারসোর অবদানের প্রশংসা করেন। তিনি সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিষ্ঠান দুটির সম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আঞ্চলিক কর্মসূচিতে সদস্য দেশগুলোর অংশগ্রহণ ও নিজস্ব উদ্যোগ বাড়াতে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম যেন সদস্য রাষ্ট্রগুলোর আঞ্চলিক অগ্রাধিকার ও উদীয়মান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর গুরুত্বও তুলে ধরেন তিনি।

সার্ক মহাসচিব বলেন, নিজ নিজ কার্যক্রমের পরিধি ও প্রভাব বাড়াতে প্রতিষ্ঠানগুলোকে অংশীদারত্ব ও বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগাতে হবে। এর মাধ্যমে আঞ্চলিক কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও ফলপ্রসূ করা সম্ভব হবে।

আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেন মো. গোলাম সারওয়ার। তিনি সদস্য রাষ্ট্রগুলোর নির্দিষ্ট চাহিদা বিবেচনায় নিয়ে প্রয়োজনভিত্তিক ও লক্ষ্যভিত্তিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচি প্রণয়নের নির্দেশনা দেন।

তিনি বলেন, এসব কর্মসূচি হতে হবে বাস্তবভিত্তিক ও চাহিদানির্ভর, যাতে দক্ষিণ এশিয়ার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলো সরাসরি উপকৃত হয়।

এ ছাড়া সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় ও কারিগরি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান সার্ক মহাসচিব। আঞ্চলিক সংহতি, সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন জোরদারে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সফরকালে সার্কের বিশেষায়িত সংস্থা ও আঞ্চলিক কেন্দ্রগুলোকে আঞ্চলিক অগ্রাধিকারকে বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আরও কার্যকর করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয়।

এ সময় সার্ক কৃষি কেন্দ্রের সর্বশেষ প্রকাশনা “প্রমোশন অব রিজেনারেটিভ এগ্রিকালচার ইন সার্ক মেম্বার স্টেটস’ বা ‘সার্ক সদস্য রাষ্ট্রগুলোতে পুনরুজ্জীবনমূলক কৃষির প্রসার’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মহাসচিব মো. গোলাম সারওয়ার।