ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি উয়েফা। সংস্থাটি জানিয়েছে, ফিফার সাম্প্রতিক ব্যাখ্যা তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনেনি। ফলে ইউরোপীয় দেশগুলোর বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বয়কটের সম্ভাবনাও এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার জেরে ইতোমধ্যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (FA) ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।
যদিও ইনফান্তিনো ওই পরিকল্পনা বাতিল করেছেন, উয়েফার দাবি, শুধু পরিকল্পনা প্রত্যাহারই যথেষ্ট নয়। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আর নেওয়া হবে না, সে বিষয়ে ফিফাকে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।
উয়েফা এক বিবৃতিতে জানায়, তাদের উত্থাপিত শর্ত এখনো পূরণ হয়নি। এর আগে সংস্থাটি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (FFE) প্রস্তাবকে “অস্বচ্ছ ও গোপন চুক্তি” উল্লেখ করে ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথাও জানিয়েছিল।
ফলে ফিফা ও উয়েফার মধ্যে চলমান এই বিরোধ আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে।
সূত্র বিবিসি
