ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা মো. মাকসুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শনিবার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নিতে ভোলা-চরফ্যাশন সড়কের উদয়পুর এলাকায় যাওয়ার পথে ইসমাইল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইসমাইলের মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।