আদালতের আদেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত

নিউজ রিপোর্ট: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ অনুযায়ী নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানটির শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, আদালত কর্তৃক নিয়োগকৃত প্রশাসকের মাধ্যমে নাসা গ্রুপের শেয়ার বিক্রি করে ইতোমধ্যে শ্রমিকদের ৭৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নাসা গ্রুপ ৮টি ব্যাংকের ডাউন পেমেন্ট পরিশোধ করেছে।

তিনি আরও জানান, অবশিষ্ট ১৫টি ব্যাংকের ডাউন পেমেন্ট এবং শ্রমিকদের বকেয়া পাওনা আদালতের নির্দেশনার ভিত্তিতে নাসা গ্রুপের কিছু সম্পত্তি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বিক্রি করে পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও নাসা গ্রুপের প্রশাসক ও প্রতিষ্ঠানটির অন্যান্য প্রতিনিধি এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা সভায় অংশ নেন।