সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

নিউজ রিপোর্ট: সিলেট-৬ আসন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র গত ১৭ জানুয়ারি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বরাবরে ইস্যু করা হয়।

এ নিয়ে দীর্ঘদিন ধরে আসনটিতে কে হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী তা নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছিল। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন দাখিল করেছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরী। ফলে এবারের মনোনয়ন ঘিরে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই মনোনয়ন তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সকল ভোটার এবং সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করছেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান বলেও মন্তব্য করেন।

দলের স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে এই আসনে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে ইতিবাচক ফলাফল অর্জন করবে।