নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট ক্ষমতায় এলে দিনাজপুর জেলাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার দিনাজপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। এর আগে পঞ্চগড়ে অনুষ্ঠিত আরেকটি জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিস্তারিত কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। অবহেলা ও বৈষম্যের কারণে এ অঞ্চল দারিদ্র্যের মধ্যে পড়ে আছে। আল্লাহর ওপর ভরসা রেখে তিনি বলেন, পাঁচ বছরেই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া সম্ভব, যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তিনি জানান, জামায়াত দায়িত্ব পেলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। পঞ্চগড়েও একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আশ্বাস দেন তিনি। অর্থের উৎস নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ থেকে লুট হয়ে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ উদ্ধার করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জামায়াত আমির আরও বলেন, উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে শক্তিশালী করে একটি দায় ও দয়ার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, জামায়াতের কোনো বিশেষ শক্তি বা কার্ড নেই, জনগণই তাদের শক্তি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দীর্ঘদিন আওয়াজ উঠলেও ভারসাম্যের অভাব ছিল বলে মন্তব্য করেন তিনি। এবার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ঐক্যবদ্ধ স্লোগান তোলার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দুঃখ-কষ্টের সময় দেশবাসীকে ছেড়ে কোথাও যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। আগামী ১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আন্দোলন ও কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। একই সঙ্গে পুরোনো দুর্বৃত্তরা যেন নতুন কোনো পরিচয়ে ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
