নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চলছে: মির্জা ফখরুল

নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। একই বিবৃতিতে ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গতকাল (২২ জানুয়ারি) দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) দলীয় কার্যালয়ের সামনে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাঁপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা পরিকল্পিতভাবে নানা ধরনের অরাজক কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, হাসান মোল্লার ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জানমাল রক্ষার স্বার্থে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর জোর দেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি নেতা হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি। পাশাপাশি আহত হাসান মোল্লার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।