ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) লাইসেন্স বিলম্ব: ক্ষতিপূরণ অপ্রতুল, দাবি ট্যাক্সি ড্রাইভার ইউনিয়নের

লন্ডন: ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) কর্তৃপক্ষ ট্যাক্সি ও প্রাইভেট হায়ার ভেহিকল (PHV) চালকদের লাইসেন্স নবায়নে বিলম্বের জন্য যে “গুডউইল পেমেন্ট” ঘোষণা করেছে, তা একেবারেই যথেষ্ট নয় বলে দাবি করেছে একটি চালক ইউনিয়ন।

নতুন লাইসেন্সিং সফটওয়্যার চালুর সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে শত শত চালকের লাইসেন্স নবায়ন বিলম্বিত হয়। এর ফলে উবার ও বোল্টের মতো রাইড-হেইলিং অ্যাপে কাজ করা বহু চালক বৈধ লাইসেন্স না থাকায় দীর্ঘ সময় রাস্তায় নামতে পারেননি এবং আয়ের সুযোগ হারিয়েছেন। TfL এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

TfL জানিয়েছে, ক্ষতিগ্রস্ত চালকদের পরিস্থিতি অনুযায়ী এককালীন ৩০০ থেকে ৫০০ পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। ট্যাক্সি চালকরা পাবেন ৩০০ পাউন্ড এবং PHV চালকরা ৩১০ পাউন্ড, যা মূলত আবেদন ও লাইসেন্স ফি ফেরতের সমান। যেসব চালক সাত দিনের বেশি সময় লাইসেন্স ছাড়া ছিলেন, তারা পাবেন ৫০০ পাউন্ড।

তবে অ্যাপ ড্রাইভারস অ্যান্ড কুরিয়ার্স ইউনিয়ন (ACDU) বলেছে, এই অর্থ বাস্তব ক্ষতির তুলনায় খুবই সামান্য। ইউনিয়নের দাবি, কিছু চালক আয় বন্ধ হয়ে যাওয়ায় এমন অবস্থায় পড়েছেন যে তারা সাময়িকভাবে গৃহহীনও হয়ে পড়েন। ACDU বলেছে, তারা প্রতিটি অপেক্ষার সপ্তাহের জন্য ৫০০ পাউন্ড ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।

TfL-এর এক মুখপাত্র বলেন, “আমরা দুঃখিত যে গত বছর কিছু চালক লাইসেন্স নবায়নের সময় সমস্যার মুখে পড়েছেন। এই প্রভাব স্বীকার করে আমরা একটি এককালীন গুডউইল পেমেন্ট স্কিম চালু করছি।”

TfL আরও জানিয়েছে, অধিকাংশ চালক এই সমস্যায় পড়েননি, কারণ লাইসেন্স তিন বছর অন্তর নবায়ন হয়। যাঁরা যোগ্য, তাঁদের আলাদা করে আবেদন করতে হবে না। TfL সরাসরি যোগাযোগ করে চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করবে।