নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও জনসেবা উন্নয়নে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত

লন্ডন টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে কাউন্সিলের পরিচালকবৃন্দ ও ক্যাবিনেট সদস্যরা সম্প্রতি একটি কর্মশালামূলক বৈঠকে অংশ নিয়ে নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকারসমূহ বাস্তবায়ন এবং গত চার বছরের উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

ক্যানারি ওয়ার্ফে অবস্থিত বরোর ব্যবসায়িক কেন্দ্রের একটি উচ্চপর্যায়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নতুন পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়।

বৈঠকে কাউন্সিলের বিদ্যমান সেবাগুলোর উচ্চমান বজায় রাখা, প্রশাসনিক দক্ষতা ও সুশাসন আরও জোরদার করা এবং বাসিন্দাদের অভিযোগ ও উদ্বেগের বিষয়ে দ্রুত সাড়া নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ক্যাবিনেট সদস্যরা নিজ নিজ দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন। একই সঙ্গে তারা স্থানীয় বাসিন্দাদের মতামত ও প্রতিক্রিয়া আলোচনায় উপস্থাপন করেন, যাতে কাউন্সিলের নীতিমালা ও অগ্রাধিকারগুলো সম্প্রদায়ের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

কাউন্সিল নেতারা জানান, জনগণকে কেন্দ্র করে সেবা প্রদান, কার্যকর প্রশাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে স্থানীয় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।