সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, প্রভুত্ব নয়: বগুড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বগুড়া: পররাষ্ট্রনীতির বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে কোনো দেশের প্রভুত্ব মেনে নেবে না। তিনি বলেন, “আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে। এই কার্ড সবুজ বা হলুদ হবে না, লালকার্ড হিসেবেই থাকবে।”

শনিবার দুপুরে বগুড়ার শেরপুরে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে জামায়াত সর্বশক্তি দিয়ে জনগণের আমানতের হেফাজত করবে। তিনি দাবি করেন, আল্লাহ সরকার গঠনের সুযোগ দিলে জনগণের একটি টাকাও আত্মসাৎ করা হবে না। একই সঙ্গে তিনি বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশের ৫৬ হাজার বর্গমাইলে চাঁদাবাজদের অস্তিত্ব সহ্য করা হবে না এবং দুর্নীতিকে নির্মূলের চেষ্টা করা হবে।

চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। তাদের হাতেও সম্মানজনক রুজির ব্যবস্থা করা হবে। অতীতে লোভের কারণে ভুল করে থাকলে তওবা করে সঠিক পথে চলার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের ভূমিকা নিয়ে জামায়াত আমির বলেন, গণমাধ্যমকে ওয়াচডগ হিসেবে সজাগ থাকতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে, তবে সত্যের ওপর কোনো রঙ লাগানো যাবে না। এতে দেশ সঠিক পথে এগোবে বলে মন্তব্য করেন তিনি।

তরুণ-তরুণীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াত বেকার ভাতা দিয়ে যুবসমাজকে নিষ্ক্রিয় রাখতে চায় না। বরং তাদের হাতকে দেশ গড়ার কারিগর বানাতে চায়। তিনি প্রতিশ্রুতি দেন, শিক্ষা শেষে যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কাজের ব্যবস্থা করা হবে এবং বেকারত্বের দায় রাষ্ট্র নেবে।

সমাবেশে তিনি চাঁদাবাজ, দখলবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলেন। এ সময় শেরপুর-ধুনট আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দবিবুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির।